বকখালিতে উত্তাল সমুদ্রে তলিয়ে যাওয়া পর্যটককে উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ২৭ আগস্ট প্রশাসনের কড়া সতর্কতা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে ভাটার টানে তলিয়ে যাচ্ছিলেন এক পর্যটক। প্রায় ২০ মিনিটের রুদ্ধশ্বাস চেষ্টায় তাঁকে উদ্ধার করলেন সিভিল ডিফেন্স কর্মীরা। বুধবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বকখালিতে ঘটনাটি ঘটে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা থেকে ৮ জনের একটি পর্যটক দল বকখালিতে বেড়াতে এসে সমুদ্রে স্নান করতে নামে। সমুদ্র উত্তাল থাকায় সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বারবার মাইকিং করে পর্যটকদের গভীর জলে যেতে নিষেধ করা হচ্ছিল। কিন্তু প্রশাসনের নজর এড়িয়ে ওই দলেরই সদস্য, ৫৩ বছর বয়সি উদয় বৈরাগ্য গভীর জলের দিকে চলে যান।
সেই সময় সমুদ্রে ভাটা চলছিল। আচমকাই ভাটার টানে তিনি তলিয়ে যেতে শুরু করেন। বিপদ বুঝতে পেরে প্রাণভয়ে হাত নেড়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন তিনি। বিষয়টি নজরে আসতেই দ্রুত উদ্ধারকাজে নামে সিভিল ডিফেন্সের কর্মীরা।
উত্তাল সমুদ্রের কারণে উদ্ধারকাজে যথেষ্ট বেগ পেতে হয়। প্রায় ২০ মিনিটের চেষ্টার পর অবশেষে ওই পর্যটককে উদ্ধার করে সৈকতে নিয়ে আসা হয়। দীর্ঘক্ষণ জলে হাবুডুবু খাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। সৈকতেই তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অসুস্থ পর্যটককে থানায় নিয়ে যাওয়া হয়। সিভিল ডিফেন্স কর্মীদের দ্রুত তৎপরতায় বড়সড় প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের উত্তাল সমুদ্রে না নামার জন্য ফের সতর্ক করা হয়েছে।
admin