সুভাষ চন্দ্র দাশ,বাসন্তী - বুধবার রাতে অন্ধকারে কুড়িজনের অধিক যাত্রী নিয়ে ক্যানিং থেকে গদখালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল একটি ম্যাজিক গাড়ি।আচমকা বাসন্তীর কুলতলি বাজার সংলগ্ন এলাকায় যান্ত্রিক গোলযোগ শুরু হয়।মুহূর্তে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে যাত্রীবাহী ম্যাজিক গাড়ি।দুর্ঘটনার কবলে পড়ে গাড়ীতে থাকা যাত্রীদের মধ্যে স্মৃতিকান্ত মন্ডল,পূর্ণেন্দু মন্ডল,সঞ্জিত বরকন্দাজ,মানিক বর্মন,শেখর মন্ডল,নাসির বৈদ্য,মিঠুন মন্ডল সহ ১৩ জন যাত্রী গুরুতর জখম হয়। রাস্তায় পড়ে যন্ত্রণায় কাৎরাতে থাকে তারা।মুহূর্তে ঘটনার খবর পৌছায় বাসন্তী থানার পুলিশের কাছে। বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।রাতের অন্ধকারে রাস্তায় পড়ে থাকা দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে। ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে বাসন্তী থানার পুলিশ জখমদের কে পুলিশের গাড়িতে তুলে নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে পৌঁছায় চিকিৎসার জন্য। বর্তমানে জখমরা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় ও পুলিশ সুত্রের খবর, গোসাবার বালি এলাকার কুড়িজন অন্ধ্রপ্রদেশে কাজে গিয়েছিলেন। বুধবার রাতে ক্যানিং থেকে ম্যাজিক গাড়িতে চেপে বাড়িতে ফিরছিলেন তারা। সেই সময় কুলতলি এলাকায় একটি বিদ্যুতের খুঁটি ধাক্কা মারলে দুর্ঘটনা ঘটে।
জখম যাত্রী স্মৃতিকান্ত মন্ডল জানিয়েছেন,আমরা রাস্তার উপর পড়েছিলাম। পুলিশ আমাদের উদ্ধার করে। চিকিৎসার জন্য পুলিশের গাড়িতে করে হাসপাতালে নিয়ে আসে। পুলিশ ঠিক সময় মতো ঘটনাস্থলে এসে না পৌঁছালে বড় ধরণের বিপদ ঘটে যেতে পারতো।’