বোলপুর কলেজে এবিভিপির দখলদারির দাবি ঘিরে রাজনৈতিক উত্তেজনা, কলেজ ইউনিয়নের দায়িত্বভার গ্রহণের ঘোষণা
বীরভূমের বোলপুর কলেজ-এ দীর্ঘদিন ধরে তৃণমূল পরিচালিত ছাত্র পরিষদ ইউনিয়নের দখলদারির অবসান ঘটিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) কলেজ ইউনিয়নের দায়িত্বভার গ্রহণ করেছে বলে দাবি করল সংগঠনের সদস্যরা। সোমবার সকালে এবিভিপি কর্মী-সমর্থকরা কলেজ চত্বরে প্রবেশ করে ইউনিয়ন অফিস-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিজেদের সংগঠনের পতাকা লাগান। এই ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে ব্যাপক রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয় এবং ছাত্রছাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এবিভিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরে কলেজ ইউনিয়নের কার্যকলাপ নিয়ে নানা অভিযোগ সামনে আসছিল। তাদের অভিযোগ, ইউনিয়নের অভ্যন্তরে দুর্নীতি, অস্বচ্ছতা, সন্ত্রাসের পরিবেশ তৈরি হওয়া এবং ছাত্রীদের উত্ত্যক্ত করার মতো একাধিক অভিযোগ উঠেছিল। এই পরিস্থিতিতে সাধারণ ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষার্থে এবং কলেজে সুস্থ, স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতেই তারা এই পদক্ষেপ গ্রহণ করেছে বলে দাবি সংগঠনের নেতৃত্বের।
এবিভিপি নেতৃত্ব জানিয়েছে, তাদের মূল লক্ষ্য হবে কলেজে শিক্ষার মানোন্নয়ন, ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং শিক্ষা পরিকাঠামোর সামগ্রিক উন্নয়ন ঘটানো। পাশাপাশি কলেজ ক্যাম্পাসকে রাজনৈতিক হানাহানি ও অশান্তির পরিবেশ থেকে মুক্ত রেখে পড়াশোনার অনুকূল পরিবেশ গড়ে তুলতে তারা বদ্ধপরিকর বলেও জানিয়েছেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের এক সদস্য জানান, “দীর্ঘদিন ধরে সাধারণ ছাত্রছাত্রীরা নানাভাবে বঞ্চিত হচ্ছিল। কলেজে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছিল। আমরা চাই ছাত্রছাত্রীদের অধিকার প্রতিষ্ঠা হোক এবং কলেজে স্বচ্ছ ও ইতিবাচক পরিবেশ ফিরে আসুক।”
তবে এই ঘটনাকে ঘিরে এখনও পর্যন্ত তৃণমূল ছাত্র পরিষদ-এর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাদের তরফে এই দাবির বিরোধিতা বা সমর্থনে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি।
ঘটনার জেরে কলেজ চত্বরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে কলেজ কর্তৃপক্ষ। আগামী দিনে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েন আরও বাড়তে পারে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
admin