হাওড়ায় ভয়াবহ দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত্যু এক কিশোরের
সুমন আদক, হাওড়া: ভয়াবহ পথ দুর্ঘটনা হাওড়ার অঙ্কুরহাটিতে। দ্রুতগতির কন্টেইনারের ধাক্কায় প্রাণ হারালো ১৩ বছরের এক কিশোর। আশঙ্কাজনক অবস্থায় আরও এক কিশোর বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। বারবার একই জায়গায় দুর্ঘটনা নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে দুই নাবালক একটি বাইকে করে অঙ্কুরহাটির দিকে যাচ্ছিল। সেই সময় একটি দ্রুতগামী কন্টেইনার তাদের বাইকটিতে সজোরে ধাক্কা মারে। রাস্তার উপর বাইক নিয়ে ছিটকে পড়ে দুই কিশোর। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। অন্যজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সারওয়ার নস্কর (১৩)। সে নবম শ্রেণীর ছাত্র ছিল। বাড়ি ডোমজুড় থানার কোরলায়। আহতের নাম শেখ মহম্মদ কায়েব (১৫)। সে দশম শ্রেণীর ছাত্র এবং পাঁচলার হাকোলার বাসিন্দা। সম্পর্কে তারা মামা-ভাগ্নে বলে জানা গেছে। শুক্রবার হাটের দিনে এই দুর্ঘটনায় দুই পরিবারেই শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, এলাকাবাসীদের অভিযোগ, অঙ্কুরহাটির এই মোড়টি বর্তমানে 'ডেথ ট্র্যাপ' বা মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বৃহস্পতিবার রাতেও ঠিক একই জায়গায় আরও একটি দুর্ঘটনা ঘটেছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, শুক্রবার হাটের দিনে ভিড় বেশি থাকলেও পুলিশের নজরদারি সেভাবে থাকেনা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, 'এখানে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে এবং মানুষের মৃত্যু হয়। সঠিক নজরদারি থাকলে আজ এই প্রাণগুলো যেত না।' পুলিশ ঘাতক কন্টেইনার চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে।
admin