১২৫দিনের কর্মস্থলে ভাদু গানের আসর লোকসংস্কৃতির ঐতিহ্য উদযাপন

১২৫দিনের কর্মস্থলে ভাদু গানের আসর লোকসংস্কৃতির ঐতিহ্য উদযাপন

অভীক মিত্র, খয়রাশোল : ভাদ্র মাস উপলক্ষ্যে বাংলার ঐতিহ্যবাহী ভাদু গান ও ভাদু উৎসবের আয়োজন হয়ে থাকে গ্রাম বাংলার বিভিন্নপ্রান্তে । সেই লোকসংস্কৃতির ঐতিহ্যকে ধরে রাখতে এবার ১২৫ দিনের কাজের কর্মস্থলেই ভাদু গানের আসর বসলো । ১২ সেপ্টেম্বর খয়রাসোল ব্লকের নওপাড়া গ্রামে রাজ্য সরকারের ভিবি জিরামজি প্রকল্পের ১২৫ দিনের কাজের স্থানে লোকশিল্পীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । ভাদ্র মাসজুড়ে বাংলার বিভিন্নপ্রান্তে ভাদু গান পরিবেশনের রীতি রয়েছে । গ্রামীণ বাংলার মানুষের জীবনযাত্রা, আবেগ,আনন্দ-বেদনা ও সামাজিক বার্তা এই গানের মাধ্যমে ফুটে ওঠে । সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভাদু গানের কথায় উঠে আসে শিক্ষা,স্বাস্থ্য, সচেতনতা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক বিষয়ও । নওপাড়ার কর্মস্থলে আয়োজিত এই ভাদু গানের আসরেও উঠে আসে ১২৫দিনের কাজের কথা,গ্রামীণ জীবন ও বাংলার লোকসংস্কৃতির নানা দিক । অনুষ্ঠানে লোকশিল্পী হিসেবে ছিল অবধুত ডোম,মাধব ডোম, কৃষ্ণ ডোম,শান্তি ডোম, ভুটুক ডোম এবং বায়েন শ্রী গণেশ ডোম সহ অন্যান্য শিল্পীরা । তাঁদের পরিবেশনায় কর্মস্থলে তৈরি হয় সাংস্কৃতিক আবহ । কাজের ফাঁকে ভাদু গানের আসর উপভোগ করেন উপস্থিত মানুষজন । অনুষ্ঠানে উপস্থিত ছিল বিজেপির ৫৯নং বুথ সভাপতি চন্দন বাউরী, শেখ নেয়াম,মদন ডোম, মিন্টু ডোম সহ স্থানীয় বাসিন্দারা । ভাদু গান বাংলার লোকসংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অঙ্গ ।গ্রামীণ বাংলার মানুষের ঐতিহ্য ও সাংস্কৃতিক চর্চার সঙ্গে জড়িয়ে থাকা এই গানকে কর্মস্থলে তুলে ধরার উদ্যোগে নতুন প্রজন্মের কাছে লোকসংস্কৃতির পরিচয় পৌঁছে দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার প্রসার ঘটবে বলে মনে করছে উপস্থিতরা ।