অনুব্রত–বিধান সাক্ষাতে বীরভূমে রাজনৈতিক জল্পনা!

অনুব্রত–বিধান সাক্ষাতে বীরভূমে রাজনৈতিক জল্পনা!

বীরভূমের রাজনৈতিক মহলে ফের জোর চর্চার কেন্দ্রবিন্দুতে অনুব্রত মণ্ডল। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বোলপুরের জেলা দলীয় কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নানুরের তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝি। এই সাক্ষাতের পর থেকেই জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।
রাজনৈতিক মহলের একাংশের মতে, অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর দীর্ঘদিন ধরে বিধানচন্দ্র মাঝিকে তৎকালীন জেলা সভাপতি কাজল শেখের ঘনিষ্ঠ হিসেবে দেখা হতো। সেই প্রেক্ষাপটে নতুন জেলা সভাপতির সঙ্গে তাঁর এই সাক্ষাৎকে ঘিরে নানা রাজনৈতিক ব্যাখ্যা সামনে আসছে।
যদিও সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে বিধানচন্দ্র মাঝি জানিয়েছেন, এটি সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ। এর সঙ্গে অন্য কোনও রাজনৈতিক বার্তা বা সমীকরণ জড়িত নয়। একইভাবে অনুব্রত মণ্ডলও বলেন, তিনি জেলা সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। দলের একজন বিধায়ক তাঁর সঙ্গে দেখা করতেই পারেন, এতে অস্বাভাবিক কিছু নেই।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, জেলা নেতৃত্বে পরিবর্তনের পর এই সাক্ষাৎ ভবিষ্যতের সাংগঠনিক সমীকরণে কোনও ইঙ্গিত বহন করছে কি না, তা নিয়ে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে।