ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্ক প্রশাসন

ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্ক প্রশাসন

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লাগাতার বৃষ্টির জেরে নদী ও সমুদ্রের জল উত্তাল হয়ে উঠতে পারে। ফলে মৎস্যজীবীদের নদী কিংবা সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
আবহাওয়া পরিস্থিতির কথা মাথায় রেখে উপকূলবর্তী এলাকাগুলিতেও বাড়ানো হয়েছে সতর্কতা। নদী ও সমুদ্র সংলগ্ন এলাকায় বসবাসকারী সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে কাঁচা বাড়িতে বসবাসকারী পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পাশাপাশি প্রশাসনের তৈরি আশ্রয়কেন্দ্রে থাকার জন্য আবেদন জানানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সাধারণ মানুষ এবং মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে। দুর্যোগের সময় নদী, খাল বা সমুদ্রের কাছে না যাওয়ার জন্যও বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দল পরিস্থিতির উপর নজর রাখছে।
প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কায় ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সাধারণ মানুষকেও আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে।।