প্রতিবেশীর মারধরে জখম ছাগল, বিচার চেয়ে পোষ্য কোলে সটান থানায় হাজির যুবক

প্রতিবেশীর মারধরে জখম ছাগল, বিচার চেয়ে পোষ্য কোলে সটান থানায় হাজির যুবক

দেবাশিস রায়, পূর্ব বর্ধমান: প্রতিবেশীর ফসলের জমিতে বিনা বাধায় ঢুকে পড়েছিল একটি ছাগল।এটাই ছিল তার ঘোরতর অপরাধ।আর সেই অপরাধেই কিনা অবলা জীবের কপালে জুটল বেধড়ক মারধর।বেপরোয়া প্রতিবেশীর মারের চোটে ছাগলের চোখ গুরুতর জখম।প্রিয় পোষ্যের এমনতর করুণ পরিস্থিতি দেখে আর স্থির থাকতে পারেননি ছাগলের মালিক।তিনি জখম ছাগলটিকে কোলে করে নিয়ে বিচার চাইতে সটান হাজির হলেন থানায় এবং প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগও করলেন।বুধবার এমনই অপ্রত্যাশিত বিরল ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার অন্তর্গত ধোবা গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলী ১ নং ব্লকের ধোবা গ্রামের শ্রমজীবী যুবক পিন্টু মল্লিক।এদিন সকালে তিনি এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে পরিবারের জন্য খিচুড়ি আনতে গিয়েছিলেন।সেই ফাঁকেই তাঁর পোষ্য ছাগলটি বিনা বাধায় এক প্রতিবেশীর আখের জমিতে ঢুকে পড়ে্ছিল‌।ফসলের জমিতে ছাগল চড়ছে দেখতে পেয়েই জনৈক প্রতিবেশী রাগে ফুঁসতে থাকেন এবং সেই ছাগলের পিছু ধাওয়া করেন।তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে ছাগল তার মালিকের বাড়িতে গিয়ে ঢুকে পড়ে।কিন্তু, তারপরেও শেষরক্ষা হয়নি।ক্রোধে অগ্নিশর্মা প্রতিবেশী অপরাধী ছাগলের ওপর লাঠি হাতে ঝাঁপিয়ে পড়েন এবং অবলা জীবটিকে বেপরোয়াভাবে মারধর করেন বলে অভিযোগ।এদিকে মারধর করে গায়ের জ্বালা মিটিয়ে ফেরার পথে পিন্টুর সঙ্গে দেখা হতেই তাঁকে ওই প্রতিবেশী সবিস্তারে ঘটনার কথা বলেন, একইসঙ্গে কিছুটা হুমকির সুরে তাঁকে সতর্কও করে দেন।এদিকে, বাড়ি ঢুকে নিজের প্রিয় পোষ্যের রক্তাক্ত বেহাল দশা দেখার পর পিন্টুর মন ভারাক্রান্ত হয়ে ওঠে।তিনি আর কালবিলম্ব না করে পোষ্যটিকে নিয়ে দুপুর নাগাদ নাদনঘাট থানায় চলে যান।তাঁকে ওই অবস্থায় দেখে আশপাশের লোকজন সহ পুলিশকর্মীরা বেশ খানিকটা অবাক হন।সেখানে গুরুতর জখম ছাগলটিকে দেখিয়ে যথাযথ বিচার চেয়ে পুলিশের কাছে উক্ত প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ জানান।পিন্টুর অভিযোগ, তিনি বাড়িতে ছিলেন না।সেই ফাঁকে প্রতিবেশীর আখের জমিতে তাঁর পোষা ছাগলটি ঢুকে পড়েছিল।সেই দেখে প্রতিবেশী ওই ছাগলটিকে তাড়িয়ে এনে তাঁর বাড়িতে ঢোকানোর পরেও ব্যাপক মারধর করেছে।মারধরে ছাগলের চোখ কানা হয়ে গিয়েছে।ছাগল একটি অবলা জীব।ফাঁক পেলে এদিকসেদিক চলে যেতেই পারে।তাই বলে এভাবে মারধর করতে হবে?