প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় হাওড়ায় চালু হতে চলেছে নতুন উদ্যোগ ‘PlasticTrack’

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় হাওড়ায় চালু হতে চলেছে নতুন উদ্যোগ ‘PlasticTrack’

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সাধারণ নাগরিকদের আরও সক্রিয় ও দায়িত্বশীল করে তুলতে হাওড়ায় চালু হতে চলেছে নতুন উদ্যোগ ‘PlasticTrack’। আগামী ৭ সেপ্টেম্বর বিকেল ৪টেয় হাওড়ার শরৎ সদন হলে এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্যোগকে সামনে রেখে শুক্রবার শরৎ সদনের সেমিনার হলে সাংবাদিক বৈঠক করেন আয়োজকরা।
আয়োজকদের দাবি, ব্যবহারের পর প্লাস্টিক বর্জ্য কোথায় যাচ্ছে, কীভাবে সংগ্রহ হচ্ছে এবং তার পুনর্ব্যবহার কতটা হচ্ছে—এই গোটা প্রক্রিয়াকে একটি নির্দিষ্ট ব্যবস্থার আওতায় আনাই এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রযুক্তি ও নাগরিক অংশগ্রহণকে কাজে লাগিয়ে প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। উদ্যোগের কো-ফাউন্ডার দেবজিৎ সরকার জানান, ‘PlasticTrack’-এর অর্থ ‘Tracking of Plastic Waste’। প্রথম পর্যায়ে হাওড়া শহরকে কেন্দ্র করে একটি পাইলট প্রকল্প হিসেবে কাজ শুরু হবে। স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে প্লাস্টিক বর্জ্য সংগ্রহের পাশাপাশি কোথা থেকে কী পরিমাণ বর্জ্য তৈরি হচ্ছে, তার তথ্যও নথিভুক্ত করা হবে। পরবর্তীতে এই মডেল রাজ্যের অন্যান্য প্রান্তে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, শুধুমাত্র প্লাস্টিক নিষিদ্ধ করে সমস্যার সমাধান সম্ভব নয়। ব্যবহারের পর সেই বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ, প্রক্রিয়াকরণ এবং পুনর্ব্যবহারের জন্য কার্যকর পরিকাঠামো প্রয়োজন। সেই লক্ষ্যেই ‘Use, Track and Responsibly Dispose’ বার্তা সামনে রেখে কাজ করবে ‘PlasticTrack’। উদ্বোধনী অনুষ্ঠানে পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই-সহ প্রশাসন, পুরসভা, ব্যবসায়ী মহল, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবেশকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।