হাওড়া গ্রামীণ জেলা পুলিশের কর্মীদের সিপিআর ও জীবনরক্ষাকারী প্রশিক্ষণ সঞ্জীবন হাসপাতালে
সুমন আদক, হাওড়া: জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে মানুষের জীবন রক্ষায় পুলিশকর্মীদের দক্ষ করে তুলতে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের কর্মীদের জন্য সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) সহ বিভিন্ন জীবনরক্ষাকারী প্রাথমিক চিকিৎসা পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল সঞ্জীবন হাসপাতাল। মঙ্গলবার আয়োজিত ওই প্রশিক্ষণ কর্মসূচিতে চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতিতে প্রাথমিক পর্যায়ে কীভাবে রোগীর শারীরিক অবস্থা সামাল দিতে হবে, সিপিআর প্রয়োগের সঠিক পদ্ধতি এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে পুলিশকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। সঞ্জীবন হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডাঃ ডালিয়া মিত্রের নেতৃত্বে হাসপাতালের চিকিৎসক ও প্রশিক্ষকদের একটি দল এই প্রশিক্ষণ পরিচালনা করেন। জরুরি অবস্থায় আক্রান্ত ব্যক্তির প্রাণ বাঁচাতে সিপিআর-সহ বিভিন্ন জীবনরক্ষাকারী কৌশলের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বাস্তব পরিস্থিতিতে কীভাবে তা প্রয়োগ করতে হবে, সে বিষয়েও বিস্তারিত ধারণা দেওয়া হয়। পুলিশের মতো প্রথম সারির পরিষেবায় থাকা কর্মীদের এই ধরনের প্রশিক্ষণ দুর্ঘটনা, হঠাৎ অসুস্থতা বা অন্যান্য চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রাথমিক সহায়তা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
admin