কৌশিকি অমাবস্যা উপলক্ষ্যে বৈদ্যুতিক এবং অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে স্পেশাল অডিট টিম
নিজস্ব প্রতিনিধি,সিউড়ি : ১৭ আগস্ট ভোরে তারাপীঠ থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে বিদেশিনী হোটেলে অগ্নিকান্ডে এখনো পর্যন্ত নয়জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । তারমধ্যে আলিপুরদুয়ার জেলার বাসিন্দা তিনজন । মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ । ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক ধ্রুব সাহা, বিজেপি জেলা সভাপতি উদয়শঙ্কর ব্যানার্জী এবং পুলিশ সুপার ভিদিত রাজ বুন্দেশ । হোটেল মালিক কল্যাণ পালকে গ্ৰেপ্তার করেছে পুলিশ । ঘটনার পরেই নড়চড়ে বসে বীরভূম জেলা প্রশাসন । আসন্ন কৌশিকি অমাবস্যা উপলক্ষ্যে বৈদ্যুতিক এবং অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে নয় সদস্যের এক স্পেশাল অডিট টিম গঠন করে বীরভূম জেলা প্রশাসন । যার নেতৃত্বে থাকবেন রামপুরহাট মহকুমাশাসক এবং রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক । তারাপীঠের সমস্ত লজ, হোম-স্টে,হোটেলে বৈদ্যুতিক এবং অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখবে এই স্পেশাল অডিট টিম । ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে । তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে । কৌশিকি অমাবস্যায় আগেই মদ বিক্রি নিষিদ্ধ করেছিল প্রশাসন । প্রসঙ্গত উল্লেখ্য, প্রতিবছর কৌশিকি অমাবস্যা উপলক্ষ্যে রাজ্যে ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষ ভক্তের সমাগম হয় তারাপীঠে ।
admin