সুমন আদক, হাওড়া: গাছ ও অরণ্য সংরক্ষণের বার্তা নিয়ে জাতীয় অরণ্য শহীদ দিবস পালন করল সিরাজবাটি চক্রের আমতা আওড়গাছি প্রাথমিক বিদ্যালয়। শুক্রবার, ১১ সেপ্টেম্বর, তৃতীয় ও চতুর্থ শ্রেণির পড়ুয়াদের নিয়ে বিদ্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন রীত ও শিক্ষিকা পুষ্পিতা পাল পড়ুয়াদের সামনে জাতীয় অরণ্য শহীদ দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। রাজস্থানের বিষ্ণোই সম্প্রদায়ের অরণ্যরক্ষার লড়াই এবং অমৃতা দেবীর নেতৃত্বে গাছকে জড়িয়ে ধরে আত্মবলিদানের ঘটনাও পড়ুয়াদের জানানো হয়। গাছ রক্ষার সেই ঐতিহাসিক আন্দোলনের স্মরণেই ১১ সেপ্টেম্বর জাতীয় অরণ্য শহীদ দিবস হিসেবে পালিত হয়। পরবর্তীকালে সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে চিপকো আন্দোলনের সঙ্গেও এই আন্দোলনের ঐতিহাসিক যোগসূত্র তুলে ধরা হয়। পাঠ্যপুস্তকের বিষয় ও ছবিকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে ছিল ক্যুইজ প্রতিযোগিতাও। পড়াশোনার সঙ্গে অনুষ্ঠানের বিষয়বস্তুর সরাসরি যোগ থাকায় পড়ুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন অনুষ্ঠানের শেষে সকল পড়ুয়া সম্মিলিতভাবে গাছ রক্ষার শপথ নেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন রীত বলেন, “জাতীয় অরণ্য শহীদ দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। অথচ এই দিবস সম্পর্কে এখনও বহু মানুষ অবগত নন। গাছ ও অরণ্য পৃথিবীতে প্রাণের অস্তিত্বের চাবিকাঠি। অরণ্য সচেতনতা গড়ে তুলতে দেশের সর্বত্র যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালন করা প্রয়োজন। এ বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের আরও সচেতন উদ্যোগ কাম্য।”