ডেঙ্গু আক্রান্তদের বাড়িতে পুর কমিশনার, দেওয়া হলো পুষ্টিকর খাবারের কিট
ডেঙ্গু আক্রান্তদের পাশে দাঁড়িয়ে তাঁদের উদ্দেশ্যে আরোগ্য বার্তা পৌঁছে দিলেন হাওড়া পুরনিগমের কমিশনার তেজস্বী রানা। বুধবার হাওড়া পুরনিগমের ১৭, ২৯ ও ৩৬ নম্বর ওয়ার্ডে গিয়ে মোট পাঁচজন ডেঙ্গু আক্রান্তের সঙ্গে দেখা করেন তিনি। তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কথা বলেন পুর কমিশনার। আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করে ‘Get Well Soon’ বার্তা দেওয়ার পাশাপাশি তাঁদের হাতে তুলে দেওয়া হয় ‘নিউট্রিশিয়াস ফুড’ সম্বলিত পুষ্টিকর খাবারের কিট। একইসঙ্গে সংশ্লিষ্ট এলাকাগুলিতে ডেঙ্গু প্রতিরোধে পুরনিগমের কাজও সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। কোথাও যাতে ‘ফিভার ক্লাস্টারিং’-এর পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে আধিকারিকদের বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন। এদিন বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশা নিয়ন্ত্রণ এবং ডেঙ্গু প্রতিরোধে চলা পুরনিগমের কর্মসূচিও পরিদর্শন করেন তেজস্বী রানা। পুরনিগম সূত্রে খবর, আগামী দিনে অন্যান্য ওয়ার্ডের ডেঙ্গু আক্রান্তদের বাড়িতেও গিয়ে তাঁদের হাতে পুষ্টিকর খাবারের কিট তুলে দেওয়া হবে। এদিনের কর্মসূচিতে পুর কমিশনারের সঙ্গে সচিব, ওএসডি (হেলথ)-সহ স্বাস্থ্য ও অন্যান্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
admin