দুর্গাপুজোর আগে হাওড়া পুরসভার সমন্বয় বৈঠকে CESC-সহ একাধিক সংস্থা

দুর্গাপুজোর আগে হাওড়া পুরসভার সমন্বয় বৈঠকে CESC-সহ একাধিক সংস্থা

সুমন আদক, হাওড়া: দুর্গাপুজোর আগেই শহরের বিদ্যুৎ ও যোগাযোগ পরিকাঠামোকে আরও নিরাপদ ও সুশৃঙ্খল করতে উদ্যোগী হল হাওড়া পুরসভা। উৎসবের মরশুমে বিদ্যুৎজনিত দুর্ঘটনা কিংবা তারের জট থেকে যাতে কোনওরকম বিপত্তি না ঘটে, সে বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে বৈঠক করল পুরসভা। পুরসভা কমিশনার তেজস্বী রানা-র নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে CESC, WBSEDCL এবং কেবল ও ইন্টারনেট পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা তারের জট, দীর্ঘদিন ধরে ব্যবহার না হওয়া কেবল এবং অনুমোদনহীন তার নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। পুরসভা সূত্রে খবর, রাস্তার উপর কিংবা বৈদ্যুতিক পরিকাঠামোর আশপাশে থাকা অপ্রয়োজনীয় তার চিহ্নিত করে পর্যায়ক্রমে সরিয়ে ফেলার বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে। একইসঙ্গে যে কেবল ও নেটওয়ার্কগুলি বর্তমানে পরিষেবায় রয়েছে, সেগুলির রক্ষণাবেক্ষণেও বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে। পুরসভার লক্ষ্য, পুজোর সময় শহরের ব্যস্ত রাস্তাগুলিতে মানুষের চলাচল ও যানবাহন নিয়ন্ত্রণে কোনও সমস্যা তৈরি না হওয়া। পাশাপাশি বিদ্যুতের তার থেকে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো এবং শহরের সৌন্দর্য ও পরিকাঠামোগত শৃঙ্খলা বজায় রাখাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। পুজোর আগে হাওড়ার বিভিন্ন এলাকায় পরিকাঠামো সংক্রান্ত একাধিক কাজ দ্রুত সম্পন্ন করার পাশাপাশি সংশ্লিষ্ট সমস্ত সংস্থার মধ্যে সমন্বয় আরও বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। পুরসভার এই উদ্যোগের ফলে উৎসবের দিনগুলিতে নাগরিক পরিষেবা আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে বলেই মনে করা হচ্ছে।