ফ্রেডরিক এঙ্গেলস স্মরণ দিবস পালন
নিজস্ব প্রতিনিধি - সিউড়িতে বিশ্ব সাম্যবাদী আন্দোলনের অন্যতম মহান নেতা এবং কার্ল মার্কসের ঘনিষ্ঠ সহযোদ্ধা ফ্রেডরিক এঙ্গেলসের স্মরণ দিবস পালিত হল । ১২ আগস্ট এসইউসিআই (কমিউনিস্ট)-র বীরভূম জেলা কার্যালয়ের সামনে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয় । কর্মসূচির শুরুতে ফ্রেডরিক এঙ্গেলসের প্রতিকৃতিতে মাল্যদানের পর রক্তপতাকা উত্তোলন করা হয় । দলীয় পতাকা উত্তোলন ও মাল্যদান করেন এসইউসিআই (কমিউনিস্ট)-র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য এবং বীরভূম জেলা কমিটির সম্পাদক মদন ঘটক ।এরপর এঙ্গেলসের জীবন, কর্ম এবং বিশ্ব সাম্যবাদী আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান স্মরণ করে শ্রদ্ধার্ঘ্য পাঠ করেন যুথিকা ধীবর । বক্তারা বলেন, কার্ল মার্কসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্রেডরিক এঙ্গেলস বৈজ্ঞানিক সমাজতন্ত্রের বিকাশ ও শ্রমজীবী মানুষের মুক্তির আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন । তাঁর চিন্তা,তাত্ত্বিক অবদান ও সংগ্রামী জীবন আজও বিশ্বজুড়ে সাম্যবাদী আন্দোলনের কর্মীদের অনুপ্রেরণা জোগায় । কর্মসূচিতে দলের কর্মী সমর্থকরা উপস্থিত থেকে মহান এই সাম্যবাদী নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ।
admin