যেখানে স্কুল বন্ধ সেখানে ভবিষ্যত বন্ধ - সিউড়িতে বললেন প্রধানমন্ত্রী

যেখানে স্কুল বন্ধ সেখানে ভবিষ্যত বন্ধ  - সিউড়িতে বললেন প্রধানমন্ত্রী

অভীক মিত্র,সিউড়ি -"যেখানে স্কুল বন্ধ সেখানে ভবিষ্যত বন্ধ । বাংলা চায় ভয় নয়,ভরসা" - সিউড়িতে বিজয় সংকল্প যাত্রায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ৯ এপ্রিল দুপুরে সিউড়ি চাঁদমারি মাঠে বিজয় সংকল্প যাত্রায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । প্রথমে ইরিগেশন কলোনির মাঠে হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে চাঁদমারি মাঠে করা হয় । সিউড়ি ডিএসএ মাঠের হেলিপ্যাডে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তারপর হেলিপ্যাড থেকে কনভয়ে সভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সড়কপথে প্রধানমন্ত্রীকে দেখতে মানুষের জনপ্লাবন ছিল চোখে পড়ার মতো । বীরভূম ও বোলপুর সাংগঠনিক জেলার ১৪ বিধানসভাকেন্দ্রের ১৪জন বিজেপি প্রার্থী মঞ্চে উপস্থিত ছিল ।‌ প্রধানমন্ত্রীর হাতে একতারা তুলে দেন বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি উদয়শঙ্কর ব্যানার্জী এবং বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মণ্ডল ।সভায় স্বাগত ভাষণ দেন বিষ্ণুপুর সাংসদ সৌমিত্র খাঁ । দুপুর ৩:৫৫ থেকে ৪:৩৪ পর্যন্ত মঞ্চে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে বলেন, "সুন্দর সুন্দর ছবি নিয়ে এসেছেন এসপিজি সেই ছবিগুলি সংগ্রহ করে নেবে । ছবিগুলোর পিছনে নাম, ঠিকানা লিখে দেবেন তাহলে আমার চিঠি পৌঁছে যাবে ।" প্রধানমন্ত্রী বলেন, "বীরভূম বাউল গানের মাটি । বাংলার মা অসুরক্ষিত । বাংলার মানুষ ভীত । বগটুইকান্ড মানবজাতির কলঙ্ক । তৃনমূল নেতাদের কয়লা পাচার চলছে । বালি কয়লা লুট হচ্ছে । অনুপ্রবেশকারীদের সাহায্য করছে তৃণমূল । অবৈধ নথি বানিয়ে দিচ্ছে তৃণমূল । তৃনমূল নেতাদের আশীর্বাদে লুট চলছে । তৃনমূলের মদতে ভুয়ো শংসাপত্র তৈরি হচ্ছে । ভুয়ো কাগজপত্র তৈরির সিন্ডিকেট বাংলায় । প্রাকৃতিক সম্পদ লুট করছে তৃণমূল । ক্ষমতায় এলে যতই শক্তিশালী হোক জেলে ভরা হবে ।" রাষ্ট্রপতিকে অপমানের কথা তুলে প্রধানমন্ত্রী বলেন, "মহিলা রাষ্ট্রপতিকে অপমান করেছে তৃণমূল । দেশের আদিবাসীদের অপমান করেছে ।" বক্তৃতার মধ্যে প্রধানমন্ত্রী বাংলায় বলেন "যেখানে স্কুল বন্ধ সেখানে ভবিষ্যত বন্ধ । বাংলা চায় ভয় নয়,ভরসা ।" তৃনমূলকে কটাক্ষ করে মোদী বলেন "মহাজঙ্গলরাজ চলছে । তৃণমূল বাংলায় বোমা শিল্প করছে । তৃনমূল চাকরি লুটের খেলা খেলছে । কুটির শিল্প ধ্বংস করেছে তৃণমূল ।" বীরভূমে আলুপোস্তর প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "বীরভূমের আলুপোস্ত বিখ্যাত । আলু চাষ ধ্বংস করেছে তৃণমূল । আলু চাষিরা আত্মহত্যা করছে ।" প্রধানমন্ত্রী বলেন "বীরভূমে শিল্পের জোয়ার আনবে বিজেপি । পিএম শব্দে জ্বালা তৃণমূলের । ৭৫ হাজার কোটির প্রজেক্ট আটকে রেখেছে তৃণমূল । ৪ মে বিদায় নেবে তৃণমূল ।" পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । জনসভা কানায় কানায় পরিপূর্ণ দেখে চাঙ্গা বীরভূম বিজেপি শিবির।