সাগর বিধানসভায় জয়ের হ্যাটট্রিক কি সময়ের অপেক্ষা? মনোনয়ন জমা দিলেন বঙ্কিমচন্দ্র হাজরা
আসন্ন বিধানসভা নির্বাচনের রণদামামা বেজে উঠতেই রাজনৈতিক তৎপরতা তুঙ্গে দক্ষিণ ২৪ পরগনায়। সোমবার কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে গিয়ে নিজের মনোনয়নপত্র জমা দিলেন ১৩২-সাগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা। মনোনয়ন জমা দেওয়ার পর আত্মবিশ্বাসী বঙ্কিমবাবু সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ও বিরোধীদের কড়া বার্তা দেন। তিনি স্পষ্ট জানান, বাংলার মানুষ উন্নয়নের পক্ষে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন। তাঁর দাবি, "বাংলার মানুষ ঠিক করে নিয়েছেন, চতুর্থ বারের জন্য ফের বাংলার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার উন্নয়ন আর পরিষেবা দেখেই মানুষ দু-হাত ভরে আমাদের আশীর্বাদ করবেন। নিজের নির্বাচনী কেন্দ্র সাগর নিয়ে বলতে গিয়ে বর্ষীয়ান এই নেতা জানান, বিগত বছরগুলোতে সাগরের আমূল পরিবর্তন হয়েছে। মুড়িগঙ্গা নদীর ওপর সেতু থেকে শুরু করে কপিল মুনির আশ্রমের আমূল সংস্কার—সবই তৃণমূল সরকারের অবদান। তিনি বলেন, "সাগর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জয় কেবল সময়ের অপেক্ষা। গতবারের চেয়েও এবার রেকর্ড মার্জিনে বিপুল ভোটে জিতবে ঘাসফুল শিবির।মনোনয়ন জমা দেওয়ার সময় বঙ্কিমচন্দ্র হাজরা সাথে উপস্থিত ছিলেন দলের অন্যান্য স্থানীয় নেতৃত্ব ও প্রচুর সংখ্যায় কর্মী-সমর্থক। সব মিলিয়ে বঙ্কিমচন্দ্র হাজরার মনোনয়ন জমাকে কেন্দ্র করে এদিন কাকদ্বীপ এলাকায় তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়।
admin