সাগর ব্লকে শারদোৎসবের প্রস্তুতি শুরু: ৩২টি দুর্গোৎসব কমিটির হাতে ১ লক্ষ টাকার সরকারি অনুদানের চেক তুলে দিলেন বিধায়ক সুমন্ত মন্ডল
সৌরভ নস্কর, গঙ্গাসাগর : আসন্ন শারদোৎসবকে আরও বর্ণময়, আনন্দমুখর ও শান্তিপূর্ণ করে তুলতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হলো।দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন পুলিশ জেলার অন্তর্গত সাগর ব্লকে প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এলাকার বিভিন্ন দুর্গাপুজো কমিটির হাতে ১ লক্ষ টাকা করে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়। দুটি পৃথক অনুষ্ঠানে সাগর থানা ও গঙ্গাসাগর কোস্টাল থানার যৌথ উদ্যোগে মোট ৩২টি পুজো কমিটিকে এই সহায়তা প্রদান করা হয়। সাম্প্রতিক সময়ে আয়োজিত এই চেক প্রদান অনুষ্ঠানগুলির মধ্যে প্রথম পর্বটি অনুষ্ঠিত হয় গঙ্গাসাগর কোস্টাল থানা প্রাঙ্গণে। সেখানে স্থানীয় ৭টি দুর্গাপুজো কমিটির কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ১ লক্ষ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। এরপর সাগর থানার উদ্যোগে স্থানীয় ছবিমহল প্রেক্ষাগৃহে দ্বিতীয় দফার অনুষ্ঠান সম্পন্ন হয়, যেখানে আরও ২৫টি পুজো কমিটিতে একইভাবে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। সব মিলিয়ে সাগর ব্লকের মোট ৩২টি পুজো কমিটি এই সরকারি অনুদানের সুফল পেল। উভয় অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুজো কমিটিগুলির হাতে চেক তুলে দেন সাগর বিধানসভার বিধায়ক সুমন্ত মণ্ডল। তিনি তাঁর বক্তব্যে পুজো উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন এবং উৎসবের দিনগুলিতে সমস্ত প্রশাসনিক নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার পাশাপাশি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পুজো পরিচালনার আহ্বান জানান। অনুষ্ঠানগুলিতে প্রশাসনিক ও পুলিশ প্রশাসনের শীর্ষকর্তারাও সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।বিশেষ করে উপস্থিত ছিলেন সাগরের বিডিও অনন্ত কুমার গোস্বামী, এসডিপিও সুমন কান্তি ঘোষ, গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি পার্থ সরকার, সাগর থানার ওসি অর্পণ নায়ক,আইসি, সাগর ব্লকের জয়েন্ট বিডিও এবং সংশ্লিষ্ট দপ্তরের এসআই বৃন্দ। এছাড়া পবিত্র এই অনুষ্ঠানে ইসকন মন্দির ও ভারত সেবাশ্রম সঙ্ঘের মহারাজগণসহ অঞ্চলের বহু বিশিষ্ট সমাজসেবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন। রাজ্য সরকারের এই শারদ সম্মান ও আর্থিক অনুদান পেয়ে স্বাভাবিকভাবেই অত্যন্ত আনন্দিত ও উৎফুল্ল পুজো কমিটিগুলির কর্ণধার ও উদ্যোক্তারা। তাঁদের মতে, সরকারের এই আর্থিক সহযোগিতা এ বছরের উৎসবের আয়োজনকে আরও সুচারু, জমকালো ও সুন্দরভাবে সম্পন্ন করতে বিশেষ সাহায্য করবে। পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের এমন যৌথ ও জনকল্যাণমুখী উদ্যোগকে মুক্তকণ্ঠে সাধুবাদ জানিয়েছেন অঞ্চলের সর্বস্তরের মানুষ।
admin