খাদ্য নিরাপত্তা সপ্তাহে শিবপুরের শপিং মলের ফুড কোর্টে অভিযান
সুমন আদক, হাওড়া: খাদ্য নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে হাওড়ার শিবপুরের একটি অভিজাত শপিং মলের ফুড কোর্টে অভিযান চালাল পুরসভা ও প্রশাসনের স্বাস্থ্য এবং খাদ্য দপ্তরের আধিকারিকরা। হাওড়া সদরের মহকুমাশাসক বিবেক পঙ্কজের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে শিবপুর থানার পুলিশও উপস্থিত ছিল। ওই শপিং মলে একাধিক নামী সংস্থার ফুড আউটলেট রয়েছে। অভিযানের সময় প্রতিটি খাবারের দোকানের প্রয়োজনীয় লাইসেন্স রয়েছে কিনা, খাবারের গুণগত মান, রান্নাঘরের পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখেন আধিকারিকরা। পাশাপাশি খাবার প্রস্তুত ও সংরক্ষণের ক্ষেত্রে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (FSSAI)-র নির্ধারিত নিয়মকানুন মানা হচ্ছে কিনা, সেদিকেও নজর দেওয়া হয়।অভিযান শেষে হাওড়ার সদর মহকুমাশাসক বিবেক পঙ্কজ জানান, কিচেনে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে ঘাটতি নজরে এসেছে। সংশ্লিষ্ট ফুড আউটলেট-কে এবিষয়ে নোটিশ দেওয়া হবে বলেও জানান তিনি। মহকুমাশাসকের বক্তব্য, খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিয়ে কোনওরকম আপস করা হবে না। আগামী দিনেও শহরের বিভিন্ন খাবারের দোকান ও রেস্তোরাঁয় এই ধরনের অভিযান এবং নজরদারি জারি থাকবে।
admin