গঙ্গাসাগরের চক ফুলডুবিতে বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু, স্বস্তিতে সাধারণ মানুষ

গঙ্গাসাগরের চক ফুলডুবিতে বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু, স্বস্তিতে সাধারণ মানুষ

সৌরভ নস্কর, গঙ্গাসাগর : ​সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ এবং প্রশাসনের উদাসীনতার ছবি একাধিক সংবাদ মাধ্যমে জোরালোভাবে তুলে ধরার পর অবশেষে টনক নড়ল প্রশাসনের। দীর্ঘ প্রতিহাঁটার অবসান ঘটিয়ে চক ফুলডুবি বাজারের সংযোগকারী বেহাল ঢালাই রাস্তা সংস্কারের কাজ অবশেষে শুরু হয়েছে। এই পদক্ষেপে স্থানীয় বাসিন্দাদের মুখে ফের স্বস্তির হাসি ফিরেছে। ​গত কয়েক দিন আগেই গঙ্গাসাগরের চক ফুলডুবি বাজার থেকে গ্রামে যাওয়ার প্রধান ঢালাই রাস্তাটির করুণ দশা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। প্রায় একশো মিটার জুড়ে বড় বড় ফাটল এবং সামান্য বৃষ্টিতেই জল জমে খানাখন্দে ভরা এই রাস্তার কারণে স্কুলপড়ুয়া থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ী—সকলকেই চরম বিপাকে পড়তে হতো। এছাড়া রাস্তার পাশেই খাল থাকায় আসন্ন কোটালে জল ঢুকে বিস্তীর্ণ চাষের জমি ও ঘরবাড়ি প্লাবিত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছিল।
​সংবাদ মাধ্যমে এই জনস্বার্থের খবর জোরালোভাবে উঠে আসার পর পরই প্রশাসনিক তৎপরতায় শুরু হয়েছে রাস্তা মেরামতির কাজ। এলাকার এই গুরুত্বপূর্ণ সমস্যা সবার সামনে তুলে ধরার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলিকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা। দ্রুত এই রাস্তা পুরোপুরি সংস্কার হয়ে গেলে নিত্যদিনের যাতায়াত যেমন সহজ হবে, তেমনই প্লাবনের আতঙ্ক থেকেও মুক্তি মিলবে বলে আশা সকলের।