বি গার্ডেনে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রাক্তন সেনা জওয়ানকে মারধরের অভিযোগ, প্রাতঃভ্রমণকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

বি গার্ডেনে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রাক্তন সেনা জওয়ানকে মারধরের অভিযোগ, প্রাতঃভ্রমণকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

বি গার্ডেনে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রাক্তন সেনা জওয়ানকে মারধরের অভিযোগ উঠেছে জনৈক প্রাতঃভ্রমণকারীর বিরুদ্ধে। এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, প্রাতঃভ্রমণ করে নির্দিষ্ট সময়ের পরে বি গার্ডেন থেকে বেরনোর প্রতিবাদ করায় ওই নিরাপত্তা কর্মীকে মারধর করা হয়। আক্রান্ত নিরাপত্তা কর্মী প্রাক্তন সেনা জওয়ান বলে জানা গেছে। এই বিষয়ে বোটানিক্যাল গার্ডেন থানায় অভিযোগ দায়ের করেছে গার্ডেন কর্তৃপক্ষ। আচার্য্য জগদীশ চন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান শিবপুর বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত। প্রতিদিন এখানে প্রাতঃভ্রমণ করতে আসেন বহু মানুষ। যারমধ্যে বেশিরভাগই বয়স্ক। শীতকালে প্রাতঃভ্রমণের সময়সীমা ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত। অভিযোগ, বেশ কয়েকদিন আগে ওই ঘটনা ঘটে। প্রাতঃভ্রমণকারী ওই যুবক সময়সীমার পরে বের হচ্ছিলেন।তখন মেইন গেটের দায়িত্বে থাকা ওই নিরাপত্তা কর্মী যুবককে দ্রুত বেরিয়ে যেতে বলেন। তা নিয়েই দু'জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।এরপর ওই যুবক নিরাপত্তা কর্মীকে মুখে ঘুষি মারতে শুরু করে বলে অভিযোগ। সঙ্গে চলে অকথ্য গালিগালাজ। গার্ডেনের দায়িত্বে থাকা অধিকর্তা জয়েন্ট ডিরেক্টর ড: দেবেন্দ্র সিং বলেন, এখানে সমস্ত সিকিউরিটি গার্ড প্রাক্তন সেনা জওয়ান। এদের প্রতি সবার সম্মান থাকা উচিত। কিন্তু যে ঘটনা ঘটেছে তা নিন্দনীয়। ওই কর্মী আহত হন। পুলিশেও অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ জমা দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা শুরু করে তদন্ত করা হচ্ছে।