মেধাবী ছাত্রছাত্রীদের পাশে ‘উত্তরণ’, আর্থিক সাহায্য পেল ২৬ জন

মেধাবী ছাত্রছাত্রীদের পাশে ‘উত্তরণ’, আর্থিক সাহায্য পেল ২৬ জন

নিজস্ব প্রতিনিধি: বিগত প্রায় ১৩ বছর ধরে আর্থিকভাবে পিছিয়ে পড়া অথচ মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে সহযোগিতা করে আসছে ‘উত্তরণ’ নামক সংগঠন। সম্প্রতি বাঁকুড়ার প্রতাপবাগান মিউনিসিপাল হাইস্কুলে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ২৬ জন মেধাবী ছাত্রছাত্রীর হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।

সংস্থার সাধারণ সম্পাদক রিতেশ মল্লিক জানান, ২০১২ সালে কলেজ পড়ুয়া অবস্থায় ৪-৫ জন বন্ধু মিলে আর্থিক কারণে পড়াশোনা বন্ধ হয়ে যেতে বসা মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। নিজেদের হাতখরচ ও পড়াশোনার খরচ থেকে কিছুটা অর্থ বাঁচিয়ে সাহায্য করার সেই উদ্যোগই ধীরে ধীরে ‘উত্তরণ’-এর রূপ নেয়। বর্তমানে সংগঠনের বহু সদস্য স্বনির্ভর হয়েছেন এবং তাঁদের আর্থিক সহযোগিতাতেই মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়ানো সম্ভব হচ্ছে।

শুধু শিক্ষাক্ষেত্রে আর্থিক সাহায্য নয়, দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রী ও তাঁদের পরিবারের জন্য পুজোর সময় নতুন পোশাক এবং শীতকালে শীতবস্ত্র দেওয়ারও উদ্যোগ নেয় সংগঠনটি। পাশাপাশি বিপদে পড়া পরিবারগুলির পাশেও দাঁড়ায় ‘উত্তরণ’। গত বছর বর্ষায় একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়ে সংগঠনের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করে বাড়িটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে ‘বুক ব্যাংক’-এর ব্যবস্থাও।

সংগঠনের সভাপতি মৌমিতা জানান, আর্থিক সাহায্যের পাশাপাশি মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের হাতে-কলমে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তোলারও চেষ্টা করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতাপবাগান মিউনিসিপাল হাইস্কুলের প্রধান শিক্ষক সাধন ঘোষ, নামো আঁচুড়ি স্বস্তিক স্মৃতি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী কুন্ডু-সহ বিশিষ্ট ব্যক্তিরা। উপস্থিত ছিলেন ছাত্রছাত্রী এবং তাঁদের অভিভাবকরাও।