হাওড়ায় 'ড্রাইভার ডে' পালন পরিবহণ শ্রমিক সংগঠনের, সম্মান জানিয়ে ড্রাইভারদের হাতে ফুল, মিষ্টি ও মানপত্র প্রদান
সুমন আদক, হাওড়া: হাওড়ায় 'ড্রাইভার ডে' পালন পরিবহণ শ্রমিক সংগঠনের, সম্মান জানিয়ে ড্রাইভারদের হাতে ফুল, মিষ্টি ও মানপত্র প্রদান। পরিবহণ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ চালকদের সম্মান জানাতে সোমবার হাওড়ার দাশনগরে 'ড্রাইভার ডে' পালন করে বামপন্থী পরিবহণ শ্রমিক সংগঠন অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন। সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন আয়োজিত ওই অনুষ্ঠানে চালকদের ফুল, মিষ্টি ও মানপত্র প্রদান করে সম্মানিত করা হয়। সংগঠনের সদস্যদের বক্তব্য, সমাজ ও অর্থনীতির চাকা সচল রাখতে চালকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন পণ্য পরিবহণ থেকে শুরু করে যাত্রী পরিষেবা, জরুরি পরিষেবা সহ একাধিক ক্ষেত্রে চালকদের নিরলস পরিশ্রমের উপরেই নির্ভর করে দেশের পরিবহণ ব্যবস্থা। এদিনের অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, একদিনের জন্য যদি সমস্ত চালক কাজ বন্ধ করে দেন তাহলে গোটা সমাজব্যবস্থা কার্যত স্তব্ধ হয়ে যাবে। অথচ তাঁদের শ্রম ও অবদানের তুলনায় যে সম্মান প্রাপ্য তা অনেক ক্ষেত্রেই তাঁরা পান না। তাঁদের অভিযোগ, সমাজে এখনও অনেক সময় চালকদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হয়না। নানা ক্ষেত্রে তাঁদের অবহেলা ও অসম্মানজনক আচরণের শিকার হতে হয়। সেই কারণেই চালকদের সামাজিক মর্যাদা ও গুরুত্ব তুলে ধরতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠন সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছরই শ্রমজীবী মানুষের বিভিন্ন দাবি ও সমস্যাকে সামনে আনা হয়। এবছর চালকদের সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে তাঁদের অবদানের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হলো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত বহু চালক এই উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের বক্তব্য, কর্মব্যস্ত জীবনে খুব কম সময়ই তাঁদের কাজের জন্য প্রকাশ্যে সম্মান জানানো হয়। তাই এই ধরনের অনুষ্ঠান তাঁদের অনুপ্রাণিত করবে। এদিন হাওড়া-আমতা রোড সংলগ্ন দাশনগর এলাকায় আয়োজিত ওই কর্মসূচিতে সংগঠনের তরফ থেকে দাবি করা হয়, ভবিষ্যতেও পরিবহণ শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষার লড়াই অব্যাহত থাকবে।
admin