সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং : স্বাধীনতা দিবস উদযাপনের পরে রাস্তায়, আবর্জনার স্তূপে পড়ে থাকা পতাকা উদ্ধারে নামলেন বাসন্তী যুবক সুজাউদ্দিন লস্কর ও ও জীবনতলার আঠারোবাঁকির নাসরুল মোল্লা। গত কয়েক পাঁচবছর বন্ধুদের সঙ্গে নিয়ে একই কাজ করে আসছে সুজাউদ্দিন।
বাসন্তী আইটিআই কলেজের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া সুজাউদ্দিন বাসন্তীর উত্তর ভাঙনখালি গ্রামের বাসিন্দা। শনিবার স্বাধীনতা দিবসের পর দিন রবিবার বাসন্তী থেকে সাইকেলে চেপে বেরিয়ে পড়েছে তারা। বাসন্তী থেকে ক্যানিং, জীবনতলা, ঘটকপুকুর হয়ে নিউটাউন পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দেবে ঔই দুই দেশ প্রেমিক বন্ধু। যাত্রাপথে কোথাও রাস্তা-ঘাটে জাতীয় পতাকা পড়ে থাকতে দেখলে তুলে নিচ্ছেন । স্থানীয় মানুষকে পতাকার মর্যাদা রক্ষার বিষয়ে সচেতনও করেন বছর তেইশ ওই দুই যুবক। তাদেরকে দেখে পথচলতি অনেকে তাদের সঙ্গে কাজে হাতও লাগাচ্ছেন। তাদের এই উদ্যোগের প্রশংসা করছেন রাজনৈতিক,প্রশাসনিক আধিকারিক সহ সাধারণ মানুষজন। এদিন সুজাউদ্দিনদের এই মহান উদ্যোগ কে স্বাগত জানাতে তাদের যাত্রা পথের সূচনা লগ্নে উপস্থিত থেকে তাঁদের কে প্রশংসা ও উদ্বুদ্ধ করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর ।
সুজাউদ্দিনদের এই যাত্রার প্রশংসা করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর বলেন, “এই উদ্যোগকে স্বাগত। আমাদের সকলেরই উচিত, জাতীয় পতাকার প্রতি যত্নবান হওয়া। শুধুমাত্র স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসের দিন পতাকা তুললে হবে না, পতাকা উত্তোলনের পাশাপাশি দেখতে হবে যাতে কোনও ভাবে সেটির অবমাননা না হয়।” অন্যদিকে,সুজাউদ্দিন জানিয়েছে, "আমি দেখেছি পতাকা উত্তোলনের পরে ছোট ছোট কাগজের পতাকা, প্লাস্টিকের পতাকা অনেক জায়গায় রাস্তায়, মাটিতে, আবর্জনার মধ্যে পড়ে থাকে। সাইকেলে করে যাওয়ার পথে সেগুলিই উদ্ধার করে প্রশাসনের কাছে পৌঁছে দিচ্ছি। রাস্তার মোড়ে মোড়ে এ বিষয়ে মানুষকে সচেতনও করছি।”