জাল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ, বোলপুরে দু’ঘণ্টা আংশিক বন্ধে প্রভাব ওষুধের দোকানে
জাল ও ভেজাল ওষুধের ক্রমবর্ধমান কারবারের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদে সরব হল কেন্দ্রীয় ওষুধ ব্যবসায়ী সংগঠনগুলি। বুধবার সংগঠনের ডাকা ধর্মঘটে সমর্থন জানায় বেঙ্গল কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশনও। এর জেরে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বীরভূমের বোলপুর শহরেও দু’ঘণ্টার আংশিক ধর্মঘটের প্রভাব পড়ে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের একাধিক ওষুধের দোকান বন্ধ রাখতে দেখা যায়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে বাজারে জাল ও ভেজাল ওষুধের কারবার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে সাধারণ মানুষের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। নকল ওষুধের এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতেই দেশজুড়ে এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
বেঙ্গল কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি গৌতম চ্যাটার্জী বলেন,
“পশ্চিমবঙ্গের জন্য সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দু’ঘণ্টার ধর্মঘট ডাকা হয়েছে। জাল ও ফেক মেডিসিনের বাড়বাড়ন্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই এই সমস্যার সমাধানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, কিন্তু কার্যকর পদক্ষেপ এখনও পর্যাপ্ত নয়।”
তিনি আরও জানান, সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখেই সম্পূর্ণভাবে পরিষেবা বন্ধ রাখা হয়নি। জরুরি প্রয়োজনে রোগীদের যাতে সমস্যায় পড়তে না হয়, সেজন্য কিছু ওষুধের দোকান খোলা রেখে পরিষেবা চালু রাখা হয়।
এদিন বোলপুর শহরের হাসপাতাল মোড়, শান্তিনিকেতন রোড, চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় বেশ কিছু ওষুধের দোকান বন্ধ থাকলেও কয়েকটি দোকান খোলা ছিল জরুরি পরিষেবার জন্য। ফলে সকালবেলায় ওষুধ কিনতে আসা কিছু মানুষ সাময়িক সমস্যার মুখোমুখি হলেও বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়নি বলে জানা গেছে।
ওষুধ ব্যবসায়ীদের দাবি, জাল ও ভেজাল ওষুধ তৈরির সঙ্গে যুক্ত চক্রের বিরুদ্ধে অবিলম্বে কড়া আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বাজারে ওষুধ সরবরাহ ব্যবস্থার উপর আরও কড়া নজরদারি চালানোর দাবিও জানানো হয়েছে। সংগঠনের দাবি, সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা এই অসাধু চক্রকে রুখতে কেন্দ্র ও রাজ্য—উভয় সরকারেরই দ্রুত হস্তক্ষেপ জরুরি।
দেশজুড়ে এই প্রতিবাদের মাধ্যমে ওষুধ ব্যবসায়ীরা স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন—জাল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে জনস্বার্থ রক্ষায় তারা আন্দোলন চালিয়ে যাবেন।
admin