দক্ষিণ ২৪পরগনা বিস্তীর্ণ অংশে সরকারি বাসের কোন দেখা নেই, মহিলারা ফ্রিতে চড়বেন কিভাবে?

দক্ষিণ ২৪পরগনা বিস্তীর্ণ অংশে সরকারি বাসের কোন দেখা নেই, মহিলারা ফ্রিতে চড়বেন কিভাবে?

সুব্রত মন্ডল, সোনারপুর: :গত সোমবার থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের পরিষেবা চালু হয়েছে। কলকাতায় এ নিয়ে মহিলাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস থাকলেও দক্ষিণ ২৪ পরগনার একটি বড় অংশে মহিলারা সরকারি বাসে নিখরচে যাতায়াতের সুযোগ পাবেন না। কারণ এই জেলার বিস্তীর্ণ এলাকায় সরকারি বাসই নেই।  তাই জেলার বিভিন্ন প্রান্তে বেশি সংখ্যক সরকারি বাস চালুর দাবি তুলেছেন মহিলারা। গদখালি; ঝড়খালি,ক্যানিং, সোনারপুর, বারুইপুর,  জয়নগর প্রভৃতি এলাকায় সরকারি বাসের দেখা মেলা ভার। বারুইপুর রুটে সরকারি বাস থাকলেও তা ডুমুরের ফুল, দেখাই মেলে না। এখানে হাতে গোনা সরকারি বাস আছে।  তবে সেই বাস কখন আসে, কখন যায়,কেউ জানতে পারে না।  সে দিক থেকে দেখলে কাকদ্বীপ,ডায়মন্ড হারবারের বাসিন্দারা অনেকেই এই সুবিধা পাবেন। কারণ ১১৭ নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতা থেকে কাকদ্বীপ রুটে বহু বাসই  যাতায়াত করে। একটা সময় সোনারপুর,বারুইপুর থেকে হাওড়া পর্যন্ত সরকারি বাস চলত মাঝে করুণাময়ী পর্যন্ত এসি বাসও চালু হয়। এখন সেসব অতীত। সাধারণ মানুষের বক্তব্য গড়িয়ার দিকে যেতে হলে বেসরকারি বাস বা অটোর উপরে ভরসা করতে হয়। অনিমা মন্ডল, সুমনা মন্ডল,ইয়াসমিন খাতুন,  সহ একাধিক মহিলার একটাই কথা আমরা কি এই সুযোগ নিতে পারব না? সন্ধ্যার পর বাস থাকে না। গড়িয়া থেকে সোনারপুর, বারুইপুর রোডে অটো পাওয়া ভিশন কষ্টকর। অটো চলে কাটা রুটে। তখন কার্যত দ্বিগুণ টাকা খরচ করে গন্তব্যে পৌঁছাতে হয় সাধারণ মানুষের। তাই সোনারপুর,বারুইপুর থেকে কলকাতা যাওয়ার জন্য নিয়মিত সরকারি বাস চালানো দরকার।  এর ফলে অনেকেরই উপকার হবে। সোনারপুর থেকে বহু মহিলা বারুইপুর বা কলকাতায় কাজে যান।  সরকারি বাস পেলে তাঁরা বিনামূল্যে যাতায়াত করতে পারতেন। সুন্দরবনে যেতে গেলেও ট্রেন, গাড়ি ভাড়া করে যেতে হয় ক্যানিং,বাসন্তী,গোসাবার দিকে। সরকারি বাস নেই বললেই চলে। বিগত সরকার ঘটা করে কয়েকটি সরকারি বাস চালু করলেও সেই বাস এখন দেখাই যায়না বলে অভিযোগ। তবে বকখালি, পাথরপ্রতিমায় যাওয়ার ক্ষেত্রে সরকারি বাসের সংখ্যা তুলনায় বেশি।  এই রুটের মহিলাদের সরকারি বাস পেতে খুব একটা সমস্যা হয় না।  এদিন ধর্মতলা থেকে কাকদ্বীপে আসা প্রতিটি বাসে মহিলা যাত্রীসংখ্যা ছিল চোখে পড়ার মতো।  এক সরকারি বাসের কন্টাকটার স্বপন রায় বলেন,  ধর্মতলা থেকে কাকদ্বীপে এসেছি। ১০২জন যাত্রী নিয়ে। তাঁদের মধ্যে ৫৫ জন মহিলা ও ৪৭ জন পুরুষ যাত্রী ছিলেন।  আগামী দিনে বাসে যাতায়াতের ক্ষেত্রে মহিলাদের সংখ্যা আরো বাড়বে বলে মনে হয়।  কিন্তু দক্ষিণ শহরতলিও আরো প্রত্যন্ত অংশে থাকা মহিলারা কি আদৌ এই সরকারি পরিষেবা নিতে পারবেন?  প্রশ্ন থেকেই যাচ্ছে।