বাসন্তীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত দম্পতি

বাসন্তীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত দম্পতি
সুভাষ চন্দ্র দাশ, বাসন্তী : বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত হল এক দম্পতির।ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত ফুলমালঞ্চ পঞ্চায়েতের কলাহাজরা গ্রামে। মৃত দম্পতির নাম আহাম্মদ লস্কর(৫৩) ও সাহিদা লস্কর(৪৮)।বাসন্তী থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। 
স্থানীয় সুত্রে জানা গিয়েছে,কলাহাজরা গ্রামের বাসিন্দা সুকুমার সরদার। তিনি ধান চাষ করেছেন। ইঁদুরের উপদ্রব থেকে ধানগাছ বাঁচানোর জন্য নিজের জমির চারপাশে জিআই তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ করে রেখেছিলেন যাতে করে ইঁদুর মারা যায়।দরিদ্র লস্কর পরিবার প্রতিদিনই মাঠেঘাটে মাছ কাঁকড়া ধরে জীবন জীবিকা নির্বাহ করেন। অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতে লস্কর দম্পতি মাছ কাঁড়া ধরার জন্য বেরিয়েছিলেন।রাতের অন্ধকারে সুকুমার সরদারের জমির কাছে যেতেই আচমকা বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায় দম্পতি।স্থানীয় লোকজন বুধবার সকালে দম্পতির জোড়া দেহ মাঠে পড়ে থাকতে দেখে। তারা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ। দেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়।অন্যদিকে ঘটনার খবর জানতে পেরে এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে জমির মালিক সুকুমার সরদার। পুলিশ তার খোঁজে এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে।
অন্যদিকে এমন মর্মান্তিক দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে হাজীর হন বাসন্তীর বিজেপি নেতা বিকাশ সরদার। তিনি লস্কর পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানিয়েছেন। 
বিকাশ সরদার বলেন, ‘ কলাহাজরা এলাকার ১২৩ নম্বর বুথে এক মর্মান্তিক দুর্ঘটনায় অকালে প্রাণ হারিয়েছেন দিনমজুর দম্পতি আহাম্মদ লস্কর ও সাহিদা লস্কর। মাঠে ঘাটে মাছ কাঁকড়া ধরে জীবন যাপন করেন। পাশের জমির মালিক বিদ্যুৎবাহী জিআই তার সংযোগের কারণে বলি হতে হল দুটি তাজা প্রাণকে। এই অপূরণীয় ক্ষতির ফলে আজ অভিভাবকহীন হয়ে পড়েছে দম্পতির দুই ছেলে ও তিন মেয়ে। বর্তমানে চরম অনিশ্চয়তা ও অন্ধকারের মুখে এসে দাঁড়িয়েছে এই শিশুদের ভবিষ্যৎ।যাতে করে সরকারী সাহায্য পায় সেই ব্যবস্থা করা হবে। এবং অভিযুক্তের যাতে কঠোর শাস্তি হয় সেই দাবী জানিয়ে আমরা অসহায় পরিবারের পাশে রয়েছি।’