বাসাপাড়া পুলিশ ক্যাম্পে বীরভূম সিংহবাহিনীর ডেপুটেশন, পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

বাসাপাড়া পুলিশ ক্যাম্পে বীরভূম সিংহবাহিনীর ডেপুটেশন, পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

বীরভূমের নানুরের বাসাপাড়ায় কাজল শেখের শহীদ দিবসের অনুষ্ঠানে ডিম নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা এখনও অব্যাহত। সোমবারের ঘটনার পর মঙ্গলবারও এলাকায় উত্তেজনার আবহ বজায় থাকে। এদিন পুলিশের ভূমিকার প্রতিবাদে বাসাপাড়া পুলিশ ক্যাম্পে ডেপুটেশন জমা দেয় বীরভূম সিংহবাহিনী।
সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, নানুর থানার কয়েকজন পুলিশকর্মী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন না এবং একটি নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন। তাঁদের অভিযোগ, বিজেপি ও আরএসএসের কর্মী-সমর্থকদের বেছে বেছে হেনস্তা করা হচ্ছে, যার জেরে এলাকায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে। অভিযুক্ত পুলিশকর্মীদের অবিলম্বে অপসারণের দাবিও জানানো হয় ডেপুটেশনে।
বীরভূম সিংহবাহিনীর নেতৃত্বের বক্তব্য, প্রশাসনের পক্ষ থেকে কোনওরকম পক্ষপাতদুষ্ট বা বেআইনি আচরণ মেনে নেওয়া হবে না। ভবিষ্যতেও যদি স্বয়ংসেবক বা সংগঠনের কর্মীদের উপর হামলা, হুমকি বা হয়রানির অভিযোগ সামনে আসে, তবে বৃহত্তর গণআন্দোলনের পথে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
ডেপুটেশনে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের নিরপেক্ষ ভূমিকা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবিও জানানো হয়।
তবে পুলিশের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।