ব্যাঙ্ক ধর্মঘটে স্তব্ধ গঙ্গাসাগর: রুদ্রনগরে গ্রাহক ভোগান্তি তুঙ্গে, আন্দোলনে অনড় কর্মীরা

ব্যাঙ্ক ধর্মঘটে স্তব্ধ গঙ্গাসাগর: রুদ্রনগরে গ্রাহক ভোগান্তি তুঙ্গে, আন্দোলনে অনড় কর্মীরা

সৌরভ নস্কর গঙ্গাসাগর: পাঁচ দিনের ব্যাঙ্কিং সপ্তাহ চালুসহ একাধিক দাবিতে 'ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস'-এর ডাকা দেশব্যাপী ধর্মঘটের প্রভাব পড়ল সুন্দরবনের গঙ্গাসাগরেও। মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের রুদ্রনগর এলাকার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের শাখায় ঝুলল তালা।
এদিন সকালে রুদ্রনগরের ব্যাঙ্ক শাখাগুলোর সামনে কর্মীদের হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায়। ধর্মঘটের জেরে পুরোপুরি স্তব্ধ হয়ে পড়েছে ব্যাঙ্কিং পরিষেবা। চেক ক্লিয়ারিং থেকে শুরু করে নগদ লেনদেন—সবই বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। অনেক দূর-দূরান্ত থেকে আসা প্রবীণ নাগরিকরা ব্যাঙ্কে এসে তালা ঝুলতে দেখে ফিরে যেতে বাধ্য হন।আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে আমরা ৫ দিনের কাজের দাবি জানিয়ে আসছি। আমাদের দাবি মানা না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। সাধারণ মানুষের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত, কিন্তু আন্দোলনের কোনো বিকল্প নেই। যদিও অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা সচল রয়েছে, তবে রুদ্রনগরের মতো গ্রামীণ এলাকায় এটিএম-এর ওপর নির্ভরশীলতা বেশি হওয়ায় সেখানেও দেখা দিয়েছে নগদ টাকার সংকট। বিকেল পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি। ব্যাঙ্ক ইউনিয়নগুলোর হুঁশিয়ারি, দ্রুত সমাধান সূত্র না বেরোলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।