নিজস্ব সংবাদদাতা, বহরমপুর : ফর্ম সেভেন জমা দেওয়াকে কেন্দ্র করে মুর্শিদাবাদ থানা এলাকায় লালবাগ এস ডি ও অফিসের ভেতরে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল কংগ্রেস এবং বি জে পি-এর কর্মী-সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পৌঁছায় বিশাল
পুলিশ বাহিনী। ভাঙচুর করা হয় বি জে পি নেতার গাড়ি। অভিযোগ, এদিন বি জে পি-এর পক্ষ থেকে মহকুমা শাসকের দপ্তরে ফর্ম সেভেন জমা করতে আসেন দলের নেতা-কর্মীরা। ফর্ম জমা দেওয়ার সময় তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের সঙ্গে তাদের প্রথমে বচসা এবং তারপর মারামারি শুরু হয়। বি জে পি-এর অভিযোগ পুলিশ এবং তৃণমূল নেতা-কর্মী যৌথভাবে তাদের ফর্ম সেভেন জমা দিতে বাধা দেয়। সমস্ত ফর্ম কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয়। পরে আগুনে পুড়িয়ে দেওয়া হয় সেই ফর্মগুলি। যদিও তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবী, বি জে পি-এর স্থানীয় বিধায়কের নেতৃত্বে ফর্ম দেওয়ার নামে চক্রান্ত ও ষড়যন্ত্র করা হয়েছিল। মানুষ তা রুখে দিয়েছে। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর।
বি জে পি এর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মণ্ডল বলেন, “ফর্ম সেভেন নিয়ে আমরা সকাল দশটা থেকে এসে দাঁড়িয়ে ছিলাম। বিভিন্ন রকমের টালবাহানার পরে দুপুর বারোটার পরে সেই ফর্ম জমা নেওয়া শুরু হয়। তারপর হঠাৎ দেখতে পাই, তৃণমূল কংগ্রেস নেত্রী শাওনি সিংহ রায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আশ্রিত গুণ্ডাবাহিনী এ ডি ও অফিসের ভেতরে ঢোকে। ওদের প্রত্যেকের হাতে ছিল লাঠি, বাঁশ । এই দুষ্কৃতীরা অফিসের ভেতরে ফর্ম জমা দিতে আসা আমাদের কার্যকর্তাদের কাছ থেকে সেই ফর্ম কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে দেয় এবং পরে সেই ফর্মগুলো পুড়িয়ে দেয়।আমাদের কার্যকর্তাদের মারধর করে। আমাদের গাড়িতে ভাঙচুর চালায়। পুলিশের সামনেই সমস্ত ঘটনা ঘটেছে। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তাদের বাধা দেওয়ার পরিবর্তে পুলিশ উল্টে আমাদের অফিস থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিতে থাকে। মহকুমাশাসক বলছেন, আর ফর্ম জমা নিতে পারবো না। সমস্ত কর্মীদের নিয়ে উনি অফিস থেকে বেরিয়ে যান।”
যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস নেত্রী শাওনি সিংহ রায় বলেন, “এক একটা বুথে বারোশো ভোটার। সেখানে আটশো-নশো করে হেয়ারিং হচ্ছে। এ সবই হচ্ছে মুর্শিদাবাদ কেন্দ্রের বিধায়ক বি জে পি-এর গৌরীশঙ্কর ঘোষের চক্রান্তে৷ আজকে এই ঘটনা ঘটেছে সে কারণেই। ফর্ম বি সেভেন জমা দেওয়া নিয়েও বি জে পি ষড়যন্ত্র ও চক্রান্ত করেছিল। খবর পেয়ে কাতারে কাতারে মানুষ এস ডি ও অফিসে ছুটে আসে। আমরাও ছুটে আসি। বি জে পি নেতা-কর্মীরা ব্যাগ ভর্তি করে ফর্ম সেভেন বি নিয়ে এসেছিল। ব্যাগ ভর্তি সেই ফর্ম তারা ফেলে রেখে পালায়। আমরা সেই ফর্ম আজকে পুড়িয়ে ফেলেছি। গণতন্ত্রকে হত্যা করার জন্য যে অন্যায় কাজ বি জে পি করতে চেয়েছিল, মানুষ তা রুখে দিয়েছে।”
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
admin