স্বনির্ভর গোষ্ঠীতে দুর্নীতির অভিযোগে কেচারকুড় পঞ্চায়েতে বিক্ষোভ, ঘেরাও অঞ্চল অফিস
অরিজিৎ মন্ডল, মন্দিরবাজার: দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার বিধানসভার কেচারকুড় গ্রাম পঞ্চায়েত এলাকায় স্বনির্ভর গোষ্ঠী পরিচালনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগের প্রতিবাদে বহু মহিলা অঞ্চল অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
বিক্ষোভকারীদের অভিযোগ, পূর্বে স্বনির্ভর গোষ্ঠীগুলির পরিচালনার জন্য 'সারদা গোষ্ঠী' নামে একটি নেতৃত্ব কাঠামো গঠন করা হয়েছিল। সরকারি নিয়ম অনুযায়ী স্বনির্ভর গোষ্ঠীর ঋণের ক্ষেত্রে ৫০ পয়সা হারে সুদ নেওয়ার কথা থাকলেও, বাস্তবে ১ টাকা হারে সুদ আদায় করা হয়েছে বলে তাঁদের দাবি।
এছাড়াও বিক্ষোভকারীদের অভিযোগ, বিভিন্ন সময়ে সরকার স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ১৫ হাজার টাকা-সহ একাধিক আর্থিক অনুদান দিলেও সেই অর্থ তুলতে গোষ্ঠীপিছু কোথাও ৭০০ টাকা, কোথাও ১,০০০ এমনকি পাঁচ হাজার টাকা পর্যন্ত অবৈধভাবে আদায় করা হয়েছে।
এই অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার ক্ষুব্ধ মহিলারা অঞ্চল অফিসে প্রবেশ করে নথিপত্র দেখার দাবি জানান এবং সংশ্লিষ্টদের ঘিরে বিক্ষোভে সামিল হন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে। তবে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিডিও অফিসে অভিযোগ জানিয়েছে মহিলারা।
admin