ভোটের আগে তুঙ্গে প্রচার, বোলপুর মহকুমাজুড়ে সরগরম রাজনৈতিক ময়দান
বোলপুর: :আসন্ন বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই তুঙ্গে উঠছে রাজনৈতিক দলগুলির প্রচারপর্ব। সোমবার সকাল থেকেই বোলপুর মহকুমার বিভিন্ন প্রান্তে দেখা গেল শাসক ও বিরোধী—সব রাজনৈতিক দলের প্রার্থীদের ব্যস্ত জনসংযোগ, কর্মিসভা ও প্রচার কর্মসূচি। গ্রাম থেকে শহর, সর্বত্রই এখন ভোটের আবহ স্পষ্ট। প্রার্থীদের প্রচার, কর্মী-সমর্থকদের মিছিল, দলীয় বৈঠক এবং ধর্মীয় স্থানে পুজো দিয়ে প্রচার শুরুর মধ্য দিয়ে দিনভর সরগরম ছিল গোটা মহকুমা।
বোলপুর বিধানসভা কেন্দ্রে এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রনাথ সিংহ ইলামবাজার ব্লকের বিলাতি অঞ্চলের একাধিক গ্রামে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে জনসংযোগ ও প্রচার কর্মসূচিতে অংশ নেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তিনি উন্নয়নের বার্তা তুলে ধরেন এবং ভোটের আগে মানুষের সমর্থন আদায়ে জোর দেন।
অন্যদিকে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিনের শুরুতেই বোলপুরের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন। এরপর তিনি বোলপুর বিধানসভার ৩ নম্বর মণ্ডলের বিভিন্ন এলাকায় ঘুরে প্রচার চালান। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি যোগাযোগ, পথসভা এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে তিনি নির্বাচনী প্রচারে গতি বাড়ান।
এদিন কংগ্রেস প্রার্থী রথীন সেন-ও পিছিয়ে ছিলেন না। তিনি দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করেন এবং আগামী দিনের প্রচার কৌশল নিয়ে আলোচনা করেন। নির্বাচনের আগে সংগঠনকে আরও সক্রিয় করতে এবং তৃণমূল স্তরে প্রচার বাড়াতে এই বৈঠক গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
অন্যদিকে লাভপুর বিধানসভা কেন্দ্রেও সোমবার ছিল জোরদার প্রচারের দিন। তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ সিংহ ২ নম্বর অঞ্চলের মানপুর, কুনেরা, ধনডাঙ্গা-সহ একাধিক গ্রামে ঘুরে জনসংযোগ করেন। তাঁর সঙ্গে ছিলেন দলীয় কর্মী-সমর্থকদের বড় অংশ। স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তিনি ভোটের আগে সমর্থন চাওয়ার পাশাপাশি এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন।
লাভপুরে বিজেপি প্রার্থী দেবাশীষ ওঝা দাঁড়কা অঞ্চলের সাওগ্রাম, ভোগপুর, মীরবাঁধ, দরবারপুর ও মহুলা-সহ একাধিক এলাকায় প্রচার কর্মসূচিতে অংশ নেন। দলীয় পতাকা, স্লোগান এবং কর্মীদের উপস্থিতিতে তাঁর প্রচারকে ঘিরে তৈরি হয় আলাদা রাজনৈতিক আবহ। অন্যদিকে কংগ্রেস প্রার্থী রত্না সেন মহোদরী অঞ্চলে প্রচার চালিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করেন।
নানুর বিধানসভা কেন্দ্রেও এদিন সকাল থেকেই ছিল ভোটের ব্যস্ততা। তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান মাঝি কীর্ণাহার ১ নম্বর অঞ্চলের ভদ্রকালী মন্দিরে পুজো দিয়ে দিনের প্রচার শুরু করেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রচারের সূচনা করে তিনি একাধিক এলাকায় জনসংযোগে অংশ নেন। রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই ধরনের কর্মসূচি সাধারণ মানুষের আবেগের সঙ্গেও সংযোগ স্থাপনের চেষ্টা।
এদিকে সিপিআইএম প্রার্থী শ্যামলী প্রধান বোলপুরে একটি সাংগঠনিক বৈঠক করেন। দলীয় সংগঠনকে আরও মজবুত করা, বুথভিত্তিক প্রস্তুতি এবং নির্বাচনী প্রচারের রূপরেখা নিয়ে এদিন আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি কংগ্রেস প্রার্থী অভয় দাস কঙ্কালীতলায় পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের নির্বাচনী প্রচার শুরু করেন। এরপর তিনি কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচার কর্মসূচিতে অংশ নেন।
সব মিলিয়ে, ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই বোলপুর মহকুমা জুড়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। শাসক-বিরোধী সব দলই এখন শেষ মুহূর্তে জনসংযোগে জোর দিচ্ছে। কোথাও মিছিল, কোথাও পথসভা, কোথাও আবার ধর্মীয় স্থানে পুজো দিয়ে প্রচারের সূচনা—সব মিলিয়ে গ্রামবাংলার ভোট-রাজনীতির চেনা ছবি ধরা পড়ছে বোলপুর মহকুমার সর্বত্র। আগামী কয়েক দিনে এই প্রচারের তাপমাত্রা আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
admin