সুভাষ চন্দ্র দাশ,বাসন্তী - রাতের অন্ধকারের এক স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে শ্যুট আউটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত আমঝাড়া ও হেদিয়ার মধ্যবর্তী বাসন্তী হাইওয়েতে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন স্বর্ণ ব্যবসায়ী কার্তিক নস্কর।দুষ্কৃতিদের ছোড়া গুলি ব্যবসায়ীর পিঠে গুলি লেগেছে। বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি ক্যানিং ২ ব্লকের হেদিয়া এলাকায়।বাসন্তী ব্লকের আমঝাড়া বাজারে তাঁর ‘মা দূর্বালা জুয়েলার্স’ নামে জুয়েলারী দোকান রয়েছে। অন্যান্য দিনের মতো রবিবার রাতে দোকান বন্ধ করে বাইক চালিয়ে একাই বাড়িতে ফিরছিলেন। সেই সময় আমঝাড়া-হেদিয়ার মধ্যবর্তী এলাকায় অপরিচিত দুই ব্যক্তি ওই স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায়। স্বর্ণ ব্যবসায়ীর পিঠে গুলি লাগে।গুলি বিদ্ধ অবস্থায় ওই ব্যবসায়ী জীবন বাঁচাতে দ্রুত গতিতে বাইক চালিয়ে স্থানীয় এক হরিসভার কাছে গিয়ে পড়ে যায়। লোকজন ভীড় জমায়। ওই ব্যবসায়ী তাদের কে জানায় তাকে গুলি করা হয়েছে,পিঠে গুলি লেগেছে। স্থানীয়রা তড়িঘড়ি ওই ব্যবসায়ীকে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জানিয়ে দেয় গুলি বের করা সম্ভব নয়। স্থানান্তরিত করেন কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে। ঘটনার খবর পেয়েই ক্যানিং মহকুমা হাসপাতালে বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাজীর হয় বাসন্তী থানার আইসি অভিজিত পাল।পাশাপাশি রাতের অন্ধকারে ঠিক কি ঘটেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আক্রান্ত স্বর্ণ ব্যবসায়ীর আত্মীয়দের দাবী,কারোর সাথে পুরাতন কোন শত্রুতা নেই কার্তিক নস্করের। সম্ভবত ছিনতাই করার জন্য দুষ্কৃতিরা গুলি চালিয়েছে।তবে ঘটনাস্থল থেকে দ্রুত বাইক চালিয়ে পালিয়ে না গেলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেত।